ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জার্মানিতে শিক্ষার্থী ভিসার আবেদন সহজ হচ্ছে, থাকছে না দীর্ঘ অপেক্ষমাণ তালিকা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

জার্মানিতে শিক্ষার্থী ভিসার আবেদন সহজ হচ্ছে, থাকছে না দীর্ঘ অপেক্ষমাণ তালিকা

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ হচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষমাণ তালিকার পরিবর্তে এবার সরাসরি অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ চালু করছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। নতুন এ ব্যবস্থা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

গত ১৫ নভেম্বর জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা জার্মান সরকারের ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ বা ‘আউসলান্ডসপোর্টাল’-এর মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন। এ জন্য প্রথমে অনলাইনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রমাণপত্র বা অফার লেটার, ব্লক অ্যাকাউন্টের তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

জমা দেওয়া কাগজপত্র প্রাথমিকভাবে যাচাই করবে দূতাবাসের সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএস। যাচাই শেষে আবেদনকারীদের দূতাবাস বা নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে আঙুলের ছাপ ও ছবি দেওয়াসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এ সময় ভিসা ফি জমা ও কাগজপত্রের চূড়ান্ত যাচাই করা হবে।

এ ছাড়া অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ থাকবে। প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন করা যাবে।

দূতাবাস জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হবে। যারা ইতোমধ্যে পুরোনো তালিকায় নাম নিবন্ধন করেছেন, তাদেরও নতুন করে অনলাইন অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। পুরোনো তালিকায় নিবন্ধিত থাকলেই আবেদন স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় স্থানান্তর হবে না।

দূতাবাসের তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ভিসার আবেদন প্রক্রিয়াকরণে সাধারণত চার সপ্তাহ সময় লাগে। তবে আবেদন দূতাবাসে পৌঁছানোর পর থেকে এ সময় গণনা করা হবে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অপেক্ষার সময় এর অন্তর্ভুক্ত নয়। সাক্ষাৎকারের পর থেকে প্রক্রিয়াকরণের সময় হিসাব করা হবে। কাগজপত্র অসম্পূর্ণ থাকলে বা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে আরও সময় লাগতে পারে।

নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে আবেদন যাচাইয়ের সক্ষমতা বাড়বে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমবে বলে আশা করছে জার্মান দূতাবাস। তবে সব আবেদনকারীর ভিসা একই সময়ে প্রক্রিয়াকরণ শেষ হবে, এমন নিশ্চয়তা নেই। প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হবে।

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ জন্য জার্মান সরকারের সরকারি ওয়েবসাইট digital.diplo.de ব্যবহার করতে হবে।

এ বিষয়ে জার্মান একাডেমি ঢাকা ও আইইএলটিএস স্কুল বিডির চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এখন থেকে তারা সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের অফার লেটার প্রয়োজন হবে। তাই শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে আবেদন করতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যত্রতত্র গড়ে ওঠা এজেন্সি এড়িয়ে চলা উচিত। কারণ, একজন শিক্ষার্থী কোন শহরে এবং কোন বিষয়ে পড়াশোনা করবেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

Posted ১০:৫৪ এএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।