ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা কঠোরভাবে নজরদারি করছে সরকার। এ বিষয়ে সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে। তবে চাকরিতে যোগ দেওয়ার আগে কেউ দলটির সঙ্গে যুক্ত থাকলে সেটি সমস্যা নয়। কিন্তু সরকারি দায়িত্বে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলে তা গুরুতর বিষয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ না করলেও সরকার দ্রুত পরিস্থিতি সামাল দিতে পারবে বলে আশ্বস্ত করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দলটির নামে যেকোনো কর্মসূচি পালন বেআইনি।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। যাঁদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাঁদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি বলেন, গতকাল থেকে সেখানে যৌথবাহিনী মোতায়েন রয়েছে। ছবি ও ভিডিও ফুটেজে যাঁদের দেখা গেছে, তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
পুলিশের বলপ্রয়োগ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ হচ্ছে কি না, সেটি বিবেচনায় রাখা জরুরি। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।
Posted ১০:৪১ এএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।