ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রশ্নফাঁস ঠেকাতে নতুন উদ্যোগ, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলায় ছাপা হবে প্রশ্নপত্র

জেলা প্রতিনিধি   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

প্রশ্নফাঁস ঠেকাতে নতুন উদ্যোগ, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলায় ছাপা হবে প্রশ্নপত্র

এসএসসি ও এইচএসসিসহ দেশের সব পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা নয়। ভবিষ্যতে প্রশ্নপত্র মডারেশন থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান বিশ্বে মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। তাই দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী পরিবর্তন আনা জরুরি।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে খুঁজে পাননি তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই চিত্র দেখেছেন। সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম থেকে আসার কথা জানিয়ে হাত তুলেছিলেন।

এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর না হয়ে প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। দেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ।’ তাই নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

Facebook Comments Box

Posted ২:০২ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।