ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৪ নভেম্বর পদত্যাগ করেন ওসমান ফারুক। মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, বিধি অনুযায়ী ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী বিষয়টি সংসদকে অবহিত করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। সে সময়ও যুক্তরাষ্ট্রে অবস্থান করায় বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
সাবেক আমলা ও বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ওসমান ফারুক দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।
উল্লেখ্য, সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
Posted ১:১১ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।