ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলোচিত এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের সর্বোচ্চ সাজা বহাল রাখার আবেদন জানান।
গত ৭ জুন এ মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এর আগে গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের বাসা থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না খাতুন এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, সোহেল রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে গলা কেটে হত্যা করে অপরাধের আলামত গোপন করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন।
গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে, স্বপ্না খাতুনের বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।
অভিযোগপত্র দাখিলের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তী সময়ে মাত্র ১৯ দিনের মধ্যে আলোচিত এ মামলার বিচার কার্যক্রম শেষ হয়।
Posted ২:১৬ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।