ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নয়, আইজেনকোটের শর্তে সরকার গঠনের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নয়, আইজেনকোটের শর্তে সরকার গঠনের প্রস্তাব

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির কোনো প্রস্তাব বিবেচনা করছে না গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন দল ইয়াশার। বরং নেতানিয়াহুর লিকুদ পার্টিকে আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি। এ অবস্থানের মধ্য দিয়ে দুই দলের মধ্যে ক্ষমতা ভাগাভাগির গুঞ্জনও নাকচ করল ইয়াশার।

টাইমস অব ইসরাইলকে দেওয়া এক বক্তব্যে দলটি জানায়, আলোচনার টেবিলে একমাত্র প্রস্তাব হলো, নেতানিয়াহুর লিকুদ পার্টিকে আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে হবে।

এর আগে আর্মি রেডিওর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, লিকুদ পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি প্রস্তাব বিবেচনা করছে ইয়াশার। প্রস্তাব অনুযায়ী, প্রথমে প্রধানমন্ত্রী হবেন আইজেনকোট। পরে দুই দলের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগি হতে পারে। তবে এ প্রতিবেদন স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এমনকি লিকুদ পার্টির কোন নেতার সঙ্গে আইজেনকোট ক্ষমতা ভাগাভাগি করতে পারেন, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে হলে সম্ভাব্য জোটসঙ্গীদের চারটি মৌলিক নীতি মেনে নিতে হবে বলে জানিয়েছে ইয়াশার। নীতিগুলো হলো—ইসরাইলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশটির স্বাধীনতার ঘোষণাপত্র মেনে নেওয়া, সবার জন্য বাধ্যতামূলক সামরিক অথবা বেসামরিক সেবা নিশ্চিত করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া। একই সঙ্গে হামাসের সামরিক ও শাসনক্ষমতা বিলুপ্ত করার প্রতিশ্রুতিও দিতে হবে।

এ ছাড়া সম্ভাব্য জোটসঙ্গীদের ‘উগ্রপন্থিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন’ করার শর্ত দিয়েছে দলটি। তবে কাদের উগ্রপন্থি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তা স্পষ্ট করেনি ইয়াশার। ধারণা করা হচ্ছে, এই শর্তের আওতায় জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল ওতজমা ইহুদিতকে বোঝানো হয়েছে।

এর আগে ইয়াশার জানিয়েছিল, তাদের চারটি মৌলিক নীতি মেনে নিতে সম্মত হলে লিকুদ ও রিলিজিয়াস জায়নিজম পার্টির আইনপ্রণেতারাও আইজেনকোটের সরকারে যোগ দিতে পারবেন।

নেতানিয়াহুর বিষয়ে বরাবরই কঠোর অবস্থানে রয়েছেন আইজেনকোট। তিনি একাধিকবার বলেছেন, নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তার মতে, নেতানিয়াহু দেশের জন্য বিপজ্জনক এবং তার রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত। এমন অবস্থায় নেতানিয়াহুর আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হলেও তা তাঁর আগের অবস্থানের তুলনায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হতো। তবে নেতানিয়াহু নিজে প্রধানমন্ত্রী না হয়ে অন্য কারও নেতৃত্বাধীন সরকারে যোগ দেবেন, এমন সম্ভাবনা খুবই কম।

বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার চেয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকোট যে আন্তরিকভাবে চেষ্টা করেছেন, তা প্রমাণ করাই এই আলোচনার অন্যতম উদ্দেশ্য হতে পারে।

এ ক্ষেত্রে বিকল্প হিসেবে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠন কিংবা আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পথে এগোতে পারেন আইজেনকোট।

এদিকে চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অতি-গোঁড়া ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের চেয়ারম্যান ইয়াকভ আশেরের সঙ্গে গোপনে বৈঠক করেছেন আইজেনকোট।

Facebook Comments Box

Posted ৬:২১ এএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।