ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত
আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব ফল আমদানিতে শুল্ক ও কর কমিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। এর আগে এ পণ্যের আমদানি শুল্ক ছিল ২৫ শতাংশ।
এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে কমানো করহার কার্যকর থাকবে।
এ সময়ে এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে রমজানে এসব ফল আমদানি ও সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখা এবং ভোক্তাদের স্বস্তি দিতে এ শুল্ক-কর ছাড় ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
Posted ১:১৫ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।