ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নিয়োগ, বাংলাদেশিদের আবেদনের সুযোগ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নিয়োগ, বাংলাদেশিদের আবেদনের সুযোগ

ইতালিতে শ্রমিক সংকট মোকাবিলায় ২০২৭ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ নিয়োগের আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের কাজের সুযোগ তৈরি হয়েছে। কৃষি, পর্যটন, গৃহস্থালি পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ২০২৭ সালের এ নিয়োগ কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য বরাদ্দ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।

আবেদন করবেন যেভাবে

ইতালিতে কাজ করতে আগ্রহী প্রার্থীদের দেশটির নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। ‘ফ্লো ডিক্রি’র আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে কাজের অনুমতির আবেদন করতে হয়।

আবেদনের জন্য পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। আবেদন প্রক্রিয়ায় ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ALI পোর্টাল ব্যবহার করতে হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ, বৈধ ইতালীয় নিয়োগকর্তার মাধ্যমে কর্মী নিয়োগের প্রস্তাব ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিনামূল্যে প্রশিক্ষণ, মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্কতা

ইতালিতে কর্মী নিয়োগের বিশেষ প্রশিক্ষণ প্রকল্পে অংশগ্রহণকারীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির ভূমিকা রাখার সুযোগ নেই। মধ্যস্থতার নামে কেউ অর্থ লেনদেন করলে তাকে ভিসা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

নিয়োগদাতার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ

রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় গৃহীত এ প্রকল্পগুলো সম্পূর্ণভাবে নিয়োগদাতার চাহিদার ভিত্তিতে পরিচালিত হয়।

ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন, সেসব প্রতিষ্ঠান প্রথমে তাদের কর্মী চাহিদা নির্ধারণ করে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

ইতালিতে কাজের সুযোগ নিতে আগ্রহীদের সরকারি নির্দেশনা অনুসরণ করে আবেদন করার পাশাপাশি ভিসা নিশ্চিত করার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১৯ এএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।