ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বন্যায় ৫৮৪ মৃত্যু, ‘চাপের মুখে’ বিদেশি সহায়তা নিতে রাজি নেপাল

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

বন্যায় ৫৮৪ মৃত্যু, ‘চাপের মুখে’ বিদেশি সহায়তা নিতে রাজি নেপাল

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৫৮৪ ছাড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগে হাজারো মানুষ নিখোঁজ থাকায় এবং বিভিন্ন দেশের নাগরিকদের উদ্ধারে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত সীমিত পরিসরে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিতে রাজি হয়েছে নেপাল।

টানেল থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক কাজে ভারত, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ ও কারিগরি দলকে নেপালে কাজের অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানিয়েছিলেন, ভোতে কোশি নদীর বন্যাকবলিত এলাকায় আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে বলেন, বিভিন্ন দেশের নাগরিক নিখোঁজ থাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নেপালের ওপর ব্যাপক চাপ ছিল। এ কারণেই নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞদের কাজের অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বন্যা ও ভূমিধসে ৫৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেপালেই ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিব্বতে মারা গেছেন পাঁচজন। দুই দেশে এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৮২ জন।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়ের সংখ্যা সবচেয়ে বেশি—১৭৮ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৬৫, ইউক্রেনের ৫৩, অস্ট্রেলিয়ার ৩৫ এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক নিখোঁজ রয়েছেন।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের মূল্যায়নের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি চার দেশের বিশেষজ্ঞ ও কারিগরি দলকে অনুমতি দিয়েছে। তবে ত্রাণের পাশাপাশি পূর্ণাঙ্গ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর জন্য আরও কয়েকটি দেশ প্রস্তাব দিলেও সেগুলো এখনো গ্রহণ করা হয়নি।

ভারত পাঠাচ্ছে উদ্ধার ও চিকিৎসা দল

নেপালে টানেল উদ্ধারকারী দল, চিকিৎসক, প্যারামেডিক ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (NDRF) সদস্য পাঠানোর প্রস্তাব দিয়েছে ভারত।

শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, নেপালকে বিভিন্ন ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির সরকার তা মূল্যায়ন করছে।

ভারতের চতুর্থ দফার ত্রাণসামগ্রীর সঙ্গে ১১ সদস্যের চিকিৎসক, প্যারামেডিক ও টানেল উদ্ধারকারী দলও নেপালে পাঠানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ারও উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি

দক্ষিণ কোরিয়াও নেপালে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন নেপালের পররাষ্ট্রমন্ত্রী খানালের সঙ্গে কথা বলেন এবং নেপালে থাকা দক্ষিণ কোরীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।

নেপালে থাকা দক্ষিণ কোরিয়ার নয় নাগরিকের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

চো হিউন জানান, দুর্যোগকবলিত এলাকায় থাকা দক্ষিণ কোরিয়ার ‘প্রম্পট রেসপন্স টিম’ যাতে নির্বিঘ্নে অনুসন্ধান ও উদ্ধারকাজ চালাতে পারে, সে জন্য নেপাল সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত কোরিয়া ডিজাস্টার রিলিফ টিম (KDRT) পাঠানোর প্রস্তুতিও চলছে।

মৃতদেহ শনাক্তেও বিদেশি বিশেষজ্ঞ

বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় মৃতদেহ শনাক্তকরণও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নেপালের নিজস্ব গবেষণাগারে ডিএনএ পরীক্ষার সক্ষমতা সীমিত হওয়ায় মৃতদেহ শনাক্ত করতেও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

Facebook Comments Box

Posted ৭:০৮ এএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।