ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’ আবারও নিলামে উঠতে যাচ্ছে। রাজপরিবারের ইতিহাস, পপ সংস্কৃতি ও ফ্যাশন জগতের অন্যতম আলোচিত এই কালো পোশাকটির দাম নিলামে প্রায় ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোদেবিস জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত বিশেষ নিলামে তোলা হবে পোশাকটি। গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা কাঁধখোলা কালো রেশমের এই পোশাকটি ডায়ানার সবচেয়ে স্মরণীয় ফ্যাশন স্টেটমেন্টগুলোর একটি।
পোশাকটির সঙ্গে জড়িয়ে আছে রাজপরিবারের এক বহুল আলোচিত অধ্যায়। ১৯৯৪ সালের ২০ নভেম্বর তৎকালীন ব্রিটিশ যুবরাজ এবং বর্তমানে রাজা তৃতীয় চার্লস এক টেলিভিশন সাক্ষাৎকারে ডায়ানার সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় কামিলা পার্কার বোলসের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন।
আর সেই রাতেই লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে ভ্যানিটি ফেয়ারের একটি চ্যারিটি ডিনারে হাজির হন ডায়ানা। রাজকীয় রীতিনীতির তোয়াক্কা না করে তিনি পরেছিলেন কাঁধখোলা কালো পোশাক। সঙ্গে ছিল রাজকীয় গয়না, কালো হিল ও একটি কালো ক্লাচ।
ভিনটেজ জ্যাগুয়ার থেকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে নামার সেই দৃশ্য মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে। পরদিন ফ্যাশন ও বিনোদনমাধ্যমগুলো পোশাকটির নাম দেয় ‘রিভেঞ্জ ড্রেস’।
এরপর থেকেই পোশাকটি প্রতিকূল পরিস্থিতিতে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও নিজের অবস্থান জানান দেওয়ার প্রতীক হয়ে ওঠে। সময়ের সঙ্গে এটি ফ্যাশন ইতিহাসের অন্যতম আইকনিক পোশাকে পরিণত হয়।
সোদেবিসের হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের বিশ্বপ্রধান মরগান হালিমি বলেন, ভাষা যখন ব্যর্থ হয়, তখন ফ্যাশনই ভাষা হয়ে উঠতে পারে। তাঁর মতে, রাজপরিবারের তীব্র মানসিক চাপ ও কঠোর নজরদারির মধ্যেও এই পোশাকের মাধ্যমে ডায়ানা নিজের জীবনের গল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছিলেন।
সোদেবিস জানায়, ১৯৯৭ সালে ডায়ানা ক্যান্সার ও এইডস আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য ৭৯টি বিলাসবহুল গাউন নিলামে তুলেছিলেন। সেই নিলামেই ‘রিভেঞ্জ ড্রেস’টিও বিক্রি হয়।
ডায়ানার মৃত্যুর মাত্র দুই মাস আগে শেষবার নিলামে ওঠা ঐতিহাসিক পোশাকটি এরপর প্রায় তিন দশক জনসাধারণের আড়ালে ছিল। এবার আবারও আন্তর্জাতিক নিলামের মঞ্চে ফিরছে সেই পোশাক—যা আজও ডায়ানার সাহস, আত্মবিশ্বাস ও রাজপরিবারের এক আলোচিত অধ্যায়ের প্রতীক হয়ে আছে।
সূত্র: বিবিসি
Posted ৬:৫৮ এএম | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।