জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। জেলায় একটি জেনারেল হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নের পাশাপাশি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবাও আরও উন্নত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, ঢাকার হাসপাতালগুলোর পাশাপাশি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার বিষয়ে মানুষের আস্থা রয়েছে। এ আস্থা ধরে রাখতে হাসপাতালের সেবার মান আরও বাড়াতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু সেবার মান বাড়াতে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দেন।
সভায় হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসরঞ্জামের সরবরাহ, পরীক্ষা-নিরীক্ষার মান, ওয়ার্ডের পরিবেশ, খাবারের মান এবং চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া হাসপাতাল থেকে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, প্রবেশপথের সামনে অবৈধ দোকান উচ্ছেদ, অবকাঠামোগত সমস্যার সমাধান, টয়লেটের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ফরেনসিক বিভাগ চালু ও অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস স্বাগত বক্তব্য দেন। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিন।
এ ছাড়া সভায় চিকিৎসক, সাংবাদিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদল।
Posted ৭:৩৮ এএম | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।