ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খালের পর এবার ভেনেজুয়েলাকে নিয়ে নতুন উচ্চাভিলাষী মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেল নিয়ে চুক্তির সাফল্য তুলে ধরে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার টেক্সাসের করপাস ক্রিস্টিতে এক নির্বাচনি সমাবেশে ভেনেজুয়েলার তেল নিয়ে চুক্তির প্রশংসা করেন ট্রাম্প। এ সময় উপকূলে থাকা একটি তেলবাহী জাহাজের দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, জাহাজটিতে ভেনেজুয়েলা থেকে আনা ১০ লাখ ব্যারেল তেল রয়েছে।

সমাবেশে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে। এমনকি দেশটি শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যেতে পারে। এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ভেনেজুয়েলার তেল নিয়ে করা চুক্তিকে ‘ইতিহাসের সবচেয়ে বড় তেলবিজয়’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রে এই তেল সরবরাহের জন্য মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এরপর দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে তেল নিয়ে চুক্তি করে ওয়াশিংটন।

তবে এ চুক্তি নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের অভিযোগ, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসন যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না।

ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য নতুন নয়। এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। পাশাপাশি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে নেওয়ার কথাও বলেছেন ট্রাম্প। তাঁর এসব বক্তব্যের বিরোধিতা করেছেন সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলোর নেতারা।

এদিকে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল নিয়ে চুক্তিকে নিজের সাফল্য হিসেবে তুলে ধরছেন তিনি। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত কমবে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

Posted ৭:৩৬ এএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।