ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>
টরন্টো-নিউইয়র্ক-অরল্যান্ডো-লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের মিলনমেলা, থাকছেন তারকা শিল্পীরা

একসঙ্গে ৪ শহরে ৪০তম ফোবানার পর্দা উঠছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

একসঙ্গে ৪ শহরে ৪০তম ফোবানার পর্দা উঠছে শুক্রবার

উত্তর আমেরিকার চার শহরে একই দিনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) উঠছে ৪০তম ফোবানা সম্মেলনের পর্দা। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, অরল্যান্ডো ও লস অ্যাঞ্জেলেসে পৃথকভাবে বসছে এবারের সম্মেলন।

প্রবাসী বাংলাদেশিদের এই বড় আয়োজন ঘিরে ইতোমধ্যে চার শহরেই তৈরি হয়েছে উৎসবের আমেজ। সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, সম্মাননা ও নতুন নেতৃত্ব নির্বাচন—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাবেন প্রবাসীরা।

লেবার ডে উইকেন্ডে প্রতিবছর ফোবানা সম্মেলনকে ঘিরে উত্তর আমেরিকার বিভিন্ন শহরের বাংলাদেশিদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। এবারও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ থেকে সাংবাদিক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

টরন্টোতে জুয়েল আইচ-ববিতার সম্মাননা

টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড স্যুটসে অনুষ্ঠিত হবে একটি ফোবানা সম্মেলন। এর নেতৃত্বে রয়েছেন গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, ড. আবু যুবায়ের দারা ও ফিরোজ আহমেদ।

সাংস্কৃতিক আয়োজনে থাকছেন জাদুশিল্পী জুয়েল আইচ ও বরেণ্য অভিনেত্রী ববিতা। সম্মেলন থেকে তাদের আজীবন সম্মাননা দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া গান পরিবেশন করবেন রানো নেওয়াজ, সেলিম চৌধুরী, ডলি সায়ন্তনী, জোহরা আলীম, সুকন্যা ঘোষ, পিন্টু ঘোষ, অনিক রাজ, শাহনাজ বেলি, সজীব, সমি, ফকির সাহাবুদ্দিন ও আঁখি আলমগীর। কলকাতা থেকে আসছেন প্রিয়ংবদা ব্যানার্জী ও ঝিলিক।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানও সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।

নিউইয়র্কে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন

নিউইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ায় ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে অনুষ্ঠিত হবে আরেকটি ফোবানা সম্মেলন। এর নেতৃত্বে রয়েছেন ড. নুরুন্নবী, জাকারিয়া চৌধুরী, দেওয়ান মনিরুজ্জামান, নুরুল আমিন বাবু ও মনজুর কাদের।

তিন দিনের আয়োজনে থাকছে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা, বিশেষ সেমিনার, সাহিত্য ও কবিতা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, নারীর ক্ষমতায়ন এবং অভিবাসনবিষয়ক আলোচনা।

নতুন প্রজন্মের জন্যও থাকছে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ আয়োজন। উত্তর আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রবাসীদের সম্মাননা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তবে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টার ব্যবহারের কারণে নিউইয়র্কের এই আয়োজন নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের অভিযোগ, আয়োজকদের একটি অংশ আওয়ামী লীগঘনিষ্ঠ। যদিও ফোবানার গঠনতন্ত্রে সংগঠনটিকে অরাজনৈতিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আয়োজকদের বক্তব্য পাওয়া যায়নি।

লস অ্যাঞ্জেলেসে সেমিনারে খালেদ মুহিউদ্দীন

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সাল স্টুডিওর কাছে হিলটন লস অ্যাঞ্জেলেস/ইউনিভার্সাল সিটিতে বসছে আরেকটি ফোবানা সম্মেলন।

এর নেতৃত্বে রয়েছেন খালেদ রৌফ, মোয়াজ্জেম চৌধুরী, জয়নুল আবেদীন ও আবীর আরমগীর।

সম্মেলনের গুরুত্বপূর্ণ একটি সেমিনার পরিচালনা ও সঞ্চালনা করবেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর সঞ্চালনায় এই আলোচনা সম্মেলনে বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকেরা।

অরল্যান্ডোতে তারকার মেলা

ফ্লোরিডার অরল্যান্ডো সম্মেলনের মূল আকর্ষণ জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ। ঘোষিত তালিকায় রয়েছেন সানিয়া সুলতানা লিজা, পরীমনি, ইমরান মাহমুদুল, দিনাত জাহান মুন্নি, প্রতীক হাসান, শ্রাবস্তী তিন্নি, দিলশাদ নাহার কনা, আরজিন কামাল, তমা মির্জা, অনন্যা ইয়াসমিন অংকন, সাজু খাদেম ও রফিক আহমেদ মিল্টন।

এক মঞ্চে চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশনের পরিচিত মুখদের দেখতে পারবেন দর্শকেরা।

এ সম্মেলনের নেতৃত্বে রয়েছেন জাহিদ হাসান, নিহাল রহিম, আনোয়ার হোসেন সেন্টু, রাসেল মিয়া, শামীম মৃধা ও একেএম হোসেইন হিটু।

তবে শেষ মুহূর্তে অরল্যান্ডো সম্মেলনের আয়োজন কিছুটা অগোছালো হয়ে পড়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে। আগাম অর্থ পরিশোধ না হলে কয়েকজন জনপ্রিয় শিল্পী অনুষ্ঠানে নাও যেতে পারেন বলেও জানা গেছে।

দর্শক আকর্ষণে আয়োজকেরা এক ডজনের বেশি শিল্পীর নাম প্রচার করছেন বলেও সূত্রটির দাবি। তবে এ বিষয়ে আয়োজকদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কেন চার ফোবানা?

১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসিতে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে ফোবানার যাত্রা শুরু হয়। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীদের জীবনমান উন্নয়ন ছিল সংগঠনটির মূল লক্ষ্য।

তবে দীর্ঘ পথচলায় নেতৃত্বের কোন্দল ও বিভেদের কারণে সংগঠনটি চারটি ধারায় বিভক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গঠিত হয়েছে চারটি কমিটিও। এসব কমিটি প্রতিবছর বিভিন্ন শহরে পৃথক সম্মেলনের আয়োজন করে।

এ নিয়ে প্রবাসীদের মধ্যে প্রশ্ন ও সমালোচনাও রয়েছে—একটি সংগঠন হয়েও কেন হচ্ছে একাধিক ফোবানা সম্মেলন?

তবে বিভক্তির মধ্যেও প্রতিটি আয়োজনেই বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর সমাগম ঘটে। ফলে এবারের চার শহরের সম্মেলনও প্রবাসীদের মিলনমেলা, সাংস্কৃতিক উৎসব ও পুনর্মিলনের বড় আয়োজনে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকেরা।

Facebook Comments Box

Posted ২:৩১ এএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।