ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় ৭ বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেন স্থানীয় এক নাগরিক।

বৃহস্পতিবার দুপুরে পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। শহরের পুলিশ প্রধান মাইক ক্রান্তজ সংবাদ সম্মেলনে জানান, নিহত তিন শিশুর বয়স যথাক্রমে ৫, ৮ ও ১১ বছর। আহতদের উদ্ধার করে বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৬ বছর বয়সী ওই কিশোর ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলের তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। সে স্কুলটির সাবেক শিক্ষার্থী কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দুপুর ১২টা ৫৯ মিনিটের দিকে জরুরি সেবায় প্রথম ফোন আসে। গাড়িতে থাকা এক ব্যক্তি জানান, রাইফেল হাতে এক কিশোর তাঁর গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালিয়েছে। এর দুই মিনিটের মধ্যে পুরো স্কুলে লকডাউন ঘোষণা করা হয়। এরপর জরুরি সেবায় একের পর এক ফোন আসতে থাকে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বন্দুকধারীকে অস্ত্র হাতে স্কুলে ঢুকতে দেখে এক স্থানীয় নাগরিক তাকে থামানোর চেষ্টা করেন। পরে স্কুলের ভেতরে গিয়ে তিনি ওই কিশোরকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল ভবন ঘিরে ফেলে। দ্বিতীয় কোনো হামলাকারী বা তাৎক্ষণিক হুমকি নেই বলে নিশ্চিত হওয়ার পর আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।

হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলের প্রতিটি কক্ষ থেকে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে বাসে করে তাদের কাছের একটি গির্জায় নিয়ে যাওয়া হয়। সেখানে উদ্বিগ্ন অভিভাবকেরা সন্তানদের সঙ্গে মিলিত হন।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা জানান, বেন্ড শহরে এ ধরনের ঘটনা আগে ঘটেনি। ভয়াবহ এ হামলায় পুরো সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার তদন্তে স্থানীয় পুলিশকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তদন্তে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

ওরেগনের গভর্নর টিনা কোটেক শোকবার্তায় রাজ্যবাসীকে কঠিন এই সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো বাবা-মায়ের জন্য এমন দিন দেখা অত্যন্ত হৃদয়বিদারক। হামলাকারীকে থামাতে এগিয়ে আসা ওই নাগরিকের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এ ঘটনায় মার্কিন সিনেটর জেফ মার্কলিসহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতা শোক প্রকাশ করেছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছেন।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৬৯টিরও বেশি গণগুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, বন্দুক সহিংসতা প্রতিরোধে কাজ করা সংগঠন ‘এভরিটাউন ফর গান সেফটি’ জানিয়েছে, চলতি বছর দেশটির বিভিন্ন স্কুল ক্যাম্পাসে শতাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বেন্ড শহরের এই মর্মান্তিক ঘটনা যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র: আল জাজিরা, সিএনএন

Facebook Comments Box

Posted ৬:২২ এএম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।