ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। নির্বাচনী প্রচারণায় ইসলামবিদ্বেষী প্রচারণা ও বিরোধিতার মুখেও অন্তত সাতজন মুসলিম প্রার্থী কংগ্রেসে জয়লাভ করেছেন। পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভাতেও নির্বাচিত হয়েছেন একাধিক মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থী।
এ নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাঈদ। মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন ৪২ বছর বয়সী চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আল-সাঈদ।
নির্বাচনী প্রচারণায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কার, জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রভাব হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। একই সঙ্গে ইসরায়েল ও মিশরে ওয়াশিংটনের সামরিক সহায়তার কঠোর সমালোচনা করেন। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে বিরোধীদের তোলা অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য নিউ আরব’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ী সাত মুসলিম প্রার্থীর মধ্যে একজন সিনেটে এবং ছয়জন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভাতেও জয় পেয়েছেন বেশ কয়েকজন মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থী।
নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে হারিয়ে জয়ী হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী ডা. অ্যাডাম হামাওয়ি। রাজ্যটি থেকে নির্বাচিত প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হয়েছেন মার্কিন সেনাবাহিনীর সাবেক এই শল্যচিকিৎসক। স্বেচ্ছাসেবী হিসেবে গাজায় ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন তিনি।
প্রতিনিধি পরিষদে নিজেদের অবস্থান ধরে রেখেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্র্যাট রাশিদা তলাইব ও সোমালি বংশোদ্ভূত ডেমোক্র্যাট ইলহান ওমর। রাশিদা মিশিগানের ১২তম আসন থেকে এবং ইলহান মিনেসোটার ৫ম আসন থেকে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ওয়াশিংটনের সমর্থনের সমালোচনায় দীর্ঘদিন ধরে সরব তাঁরা।
নিউইয়র্কের ১৩তম ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাট প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের জয়ও নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তিনি কংগ্রেসে প্রথম লাতিনা মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ইন্ডিয়ানার ৭ম আসন থেকে আন্দ্রে কারসন এবং ক্যালিফোর্নিয়ার ১২তম আসন থেকে লতিফা সাইমন প্রতিনিধি পরিষদে নিজেদের আসন ধরে রেখেছেন।
জাতীয় কংগ্রেসের পাশাপাশি অঙ্গরাজ্যগুলোর আইনসভাতেও মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীদের সাফল্য অব্যাহত রয়েছে। নিউইয়র্কের ১২তম স্টেট সিনেট ডিস্ট্রিক্ট থেকে ফিলিস্তিনি বংশোদ্ভূত সংগঠক আবের কাওয়াস এবং মিশিগানের ২য় স্টেট সিনেট আসন থেকে লেবানিজ বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী আব্বাস আলাউই জয় পেয়েছেন।
অন্যদিকে, ইলিনয়ের ২৬তম স্টেট সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী ডার্বি হিলসকে পরাজিত করে আসনটি ডেমোক্র্যাটদের দখলে এনেছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ।
এ ছাড়া কলোরাডোতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইমান জোদেহ এবং জর্জিয়ায় রুয়া রোমান নিজ নিজ আসন ধরে রেখেছেন। টেক্সাসে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত দুই আইনপ্রণেতা সালমান ভোজানি ও সুলেমান লালানি।
অন্যদিকে, ইলিনয় থেকে নির্বাচিত আরব-আমেরিকান রিপাবলিকান প্রার্থী ড্যারিন লাহুডও মার্কিন প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন।
Posted ৬:৩২ এএম | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।