জেলা প্রতিনিধি | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বই পড়া কর্মসূচিতে উপজেলা পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোহাম্মদ মর্তুজা বর্ষণ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির আলম, একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার, সমাজসেবা কর্মকর্তা নূরুল মাহমুদ ভূইয়া ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শাফিয়া বেগম।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। নজরুলের সাম্য, বিদ্রোহ, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক মনোভাব এবং নারী-পুরুষের সমঅধিকারের যে বার্তা নজরুলের লেখনীতে উঠে এসেছে, তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলের সাহিত্য যত বেশি চর্চা করা হবে, ততই আমরা সমৃদ্ধ হব।
বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, বই পড়ার উপকারিতা ছাড়া কোনো অপকারিতা নেই। বর্তমান প্রজন্মের শিশুরা মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করায় বই পড়ার অভ্যাস ও ধৈর্য কমে যাচ্ছে। অথচ বই পড়লে সৃজনশীলতা বাড়ে। মুখস্থ করে পরীক্ষায় পাস করা সম্ভব হলেও প্রকৃত জ্ঞান অর্জন করা যায় না।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Posted ১:৫০ পিএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।