ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসে সচল দেশের অর্থনীতি, স্থানীয়রা সুবিধাবঞ্চিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসে সচল দেশের অর্থনীতি, স্থানীয়রা সুবিধাবঞ্চিত

ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচের গ্যাস দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জেলার সাধারণ মানুষ এখনো গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থায় জেলার ৯টি উপজেলায় গ্যাস সরবরাহ সম্প্রসারণ, নতুন গ্যাস অনুসন্ধান এবং বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়া দেশের অন্যতম প্রাকৃতিক গ্যাসসম্পদসমৃদ্ধ জেলা। এ জেলায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ তিতাস গ্যাসক্ষেত্র। কসবা উপজেলায় রয়েছে সালদা নদী গ্যাসক্ষেত্র। এ ছাড়া মেঘনা গ্যাস কূপ এবং বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার বাঙ্গরা হাজিপুরেও রয়েছে গ্যাস কূপ।

পেট্রোবাংলার ২০২৪-২৫ অর্থবছরের তথ্য অনুযায়ী, শুধু তিতাস গ্যাসক্ষেত্র থেকেই দেশের মোট গ্যাস উৎপাদনের প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ সরবরাহ করা হয়েছে। অথচ যে জেলার গ্যাস দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা হচ্ছে, সেই জেলার অনেক মানুষই এখনো গ্যাস সুবিধা পাচ্ছেন না।

২০২২ সালের জনশুমারি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার জনসংখ্যা ৩৩ লাখের বেশি। জেলায় রয়েছে ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০১টি ইউনিয়ন। এত বিপুল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে জ্বালানি সুবিধা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

তাদের প্রশ্ন, জাতীয় অর্থনীতিতে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসসম্পদের এত বড় অবদান থাকলেও জেলার মানুষের জন্য পরিকল্পিত ও ন্যায্য গ্যাস সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে না কেন?

জানা গেছে, দেশে গ্যাসের চাহিদা ও দেশীয় উৎপাদনের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। এ ঘাটতি পূরণে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয়ে গ্যাস আমদানি করতে হচ্ছে। এ পরিস্থিতিতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো জাতীয় স্বার্থেই গুরুত্বপূর্ণ।

এ প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে সরকারের কাছে কয়েকটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—গ্যাস সুবিধাবঞ্চিত এলাকাগুলো চিহ্নিত করে পূর্ণাঙ্গ সরকারি জরিপ পরিচালনা, জেলার ৯টি উপজেলায় পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ সম্প্রসারণে বাস্তবসম্মত মহাপরিকল্পনা গ্রহণ এবং তিতাস ও সালদা গ্যাসক্ষেত্রে উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার।

এ ছাড়া তারাপুর ও কাশিরামপুরসহ সম্ভাবনাময় এলাকায় ভূতাত্ত্বিক জরিপ ও নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনা এবং জেলার শিল্পায়ন, কর্মসংস্থান ও মানুষের জীবনমান উন্নয়নে জ্বালানি সুবিধাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।

দাবির পক্ষে স্থানীয়দের বক্তব্য, এটি অন্য কোনো জেলার মানুষের অধিকারের বিরুদ্ধে নয়; বরং ব্রাহ্মণবাড়িয়ার ন্যায্য উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর দাবি। জাতীয় সম্পদের ওপর স্থানীয়দের একচ্ছত্র মালিকানা নয়, বরং সম্পদের সুষম ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদসমৃদ্ধ এলাকার মানুষও যেন উন্নয়নের ন্যায্য সুফল পায়, সেটিই তাদের প্রত্যাশা।

এ দাবিকে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক দাবি হিসেবে না দেখে জেলার সর্বস্তরের মানুষের জনদাবি হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তথ্য, যুক্তি, আলোচনা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দাবি আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ পরিহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়াকে আধুনিক, শিল্পসমৃদ্ধ, কর্মসংস্থানমুখী ও আদর্শ মডেল জেলা হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয়দের দাবি, তিতাস ও সালদা গ্যাসক্ষেত্রের উন্নয়ন, নতুন গ্যাস অনুসন্ধান এবং জেলার মানুষের জন্য গ্যাস সুবিধা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও সময়বদ্ধ মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। ৩৩ লাখের বেশি মানুষের ন্যায্য উন্নয়নের স্বার্থে এ দাবিতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩৯ পিএম | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।