নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

গাজীপুর মহানগরকে যানজট ও শব্দদূষণমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে ১৫ সপ্তাহের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে গাজীপুর সরকারি মহিলা কলেজ থেকে ‘জুলাই চত্বর’ পর্যন্ত এলাকাকে যানজট ও শব্দদূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় এ কর্মপরিকল্পনার কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, গাজীপুরকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় শহরে চলাচলকারী অটোরিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে ই-নিবন্ধন কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে স্কাউট সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে সিনিয়র সিটিজেন, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময়সভায় বক্তারা শহরের যানজট ও নাগরিক ভোগান্তির চিত্র তুলে ধরে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা, শব্দদূষণ রোধ এবং বিকল্প সড়ক ব্যবহারের ওপর জোর দেন।
তারা বলেন, গাজীপুরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় যানজট ও শব্দদূষণমুক্ত নগর প্রতিষ্ঠা সম্ভব।
সভায় আরও বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (মিডিয়া) মো. আরিফ হোসাইন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম।
এ সময় শিক্ষক, সাংবাদিক, বিএনসিসি সদস্য, সংশ্লিষ্ট যানবাহন সমিতির নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ২:১৮ পিএম | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।