ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

এআই দিয়ে ভুয়া ছবি, ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করতে যাচ্ছে ফেসবুক।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে কোনো ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী সত্যিকারের মানুষ কি না, তা শনাক্ত করা সহজ হবে। তবে এটি মেটার অর্থের বিনিময়ে দেওয়া Meta Verified সাবস্ক্রিপশন সেবার থেকে আলাদা। সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যের এই যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে।
যেভাবে ভেরিফায়েড ব্যাজ পাবেন
নতুন ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের সেলফি ভিডিও ধারণ করে পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ওই ভিডিও অ্যাকাউন্টে থাকা ব্যবহারকারীর ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে।
পরিচয় যাচাই সফল হলে ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে। এর মধ্যে রয়েছে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং।
ব্যাজ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যেমন—
ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।
প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।
সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে।
ভেরিফায়েড ব্যাজ মানেই বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা নয়
মেটার মতে, এআই প্রযুক্তির বিস্তারের কারণে এখন খুব সহজেই ভুয়া ছবি, পরিচয় ও বিশ্বাসযোগ্য দেখতে প্রোফাইল তৈরি করা সম্ভব। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঝুঁকিও বাড়ছে।
নতুন ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, তারা যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কি না।
তবে মেটা স্পষ্ট করেছে, ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার প্রমাণ। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ধাপে ধাপে চালু হবে ফিচার
মেটা জানিয়েছে, নতুন এই ফিচার একসঙ্গে সব দেশে চালু করা হবে না। প্রথমে নির্বাচিত কয়েকটি দেশে এটি চালু করা হবে। পরে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও ফিচারটি সম্প্রসারণ করা হবে।
তবে কোন কোন দেশে প্রথম ধাপে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুবিধা চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মেটা।
এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয় ও অ্যাকাউন্টের ঝুঁকি বাড়ছে। এমন সময়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে পরিচয় যাচাইয়ের এই উদ্যোগ অনলাইন প্রতারণা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Posted ১০:১০ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।