নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি দুই নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির নেতারা।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়া হলে সমাধিস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। মিছিল নিয়ে তারা ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর অংশ হিসেবে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি এবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। দলটির ইতিহাসে এবারই প্রথম প্রধানমন্ত্রী পদে রয়েছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পরে তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব দেন। বর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তাদের ছেলে তারেক রহমান।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির নেতৃত্ব আরও আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের হাতে কেন্দ্রীভূত হয়।
Posted ৬:৩৭ এএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।