ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত

মহারাষ্ট্রের নাসিকে পথকুকুরের উৎপাত নিয়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে অভিনব কায়দায় প্রতিবাদ করেছেন শিবসেনা (ইউবিটি) যুবসেনার নেতাকর্মীরা। নিফাড নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের কার্যালয়ে ঢুকে তার টেবিলের ওপর ছেড়ে দেওয়া হয় কয়েকটি পথকুকুর।
যুবসেনার নেতাকর্মীদের অভিযোগ, এলাকায় দিন দিন পথকুকুরের সংখ্যা বাড়লেও বিষয়টি নিয়ে বারবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেননি নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা। এর প্রতিবাদেই কুকুর নিয়ে কার্যালয়ে হাজির হন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিবসেনা (ইউবিটি) যুবসেনার জেলা প্রধান বিক্রম রন্ধাভে একটি বস্তার মুখ খুলে একটি ছোট কুকুর বের করে কর্মকর্তার টেবিলের ওপর ছেড়ে দেন। এতে চেয়ারে বসে থাকা ধীরজ ভামরে চমকে উঠে কিছুটা দূরে সরে যান।
বস্তায় আটকে থাকার কারণে ভীত কুকুরটি পরে টেবিল থেকে নেমে একটি কোণে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর বস্তা থেকে আরও একটি কুকুর বের করা হয়। সেটি টেবিলের ওপর দিয়ে হেঁটে পাশের একটি চেয়ারে গিয়ে বসে পড়ে।
এ সময় রন্ধাভের গলায় ২০ রুপির নোট দিয়ে তৈরি একটি মালা দেখা যায়। তিনি কর্মকর্তার কাছে যেতে চাইলে তাকে বাধা দেন অন্য কর্মকর্তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডাও হয়।
প্রতিবাদের সময় গত ছয় মাসে পথকুকুরের সমস্যা নিয়ে ধীরজ ভামরের কাছে কতবার অভিযোগ করা হয়েছে, সে বিষয়টিও স্মরণ করিয়ে দেন রন্ধাভে।
এক সাক্ষাৎকারে রন্ধাভে বলেন, এলাকার প্রতিটি গ্রাম, রাস্তা ও অলিগলিতে পথকুকুরের সংখ্যা বেড়েছে। গত ছয় মাস ধরে তিনি নিফাড নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তাকে বিষয়টি সমাধানের অনুরোধ করে আসছেন।
রন্ধাভের দাবি, সম্প্রতি কুকুরের কামড়ে একটি ছোট শিশু আহত হয়েছে। এ ছাড়া অনেক মানুষ ও নারীকে পথকুকুর তাড়া করেছে। বিষয়টি নিয়ে তিনি কর্মকর্তাকে এলাকার পরিস্থিতি দেখানোর পাশাপাশি ছবি পাঠিয়েছেন এবং বারবার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতিবাদের অংশ হিসেবে কুকুরগুলো কার্যালয়ে নিয়ে আসেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রধান কর্মকর্তা দরপত্রের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এ কারণেই যুবসেনার কর্মীরা নোট দিয়ে তৈরি মালা নিয়ে গিয়ে সেগুলোও কর্মকর্তার টেবিলে রাখেন।
রন্ধাভে এটিকে ‘শেষ সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে বলেন, আট দিনের মধ্যে পথকুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া না হলে কর্মকর্তার কার্যালয়ে আরও কুকুর ছেড়ে দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমানে গণেশ উৎসব চলছে। মানুষ আরতির জন্য বাইরে বের হলে পথকুকুর তাদের পেছনে ছুটছে এবং ছোট শিশুদের কামড় দিচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
প্রধান কর্মকর্তা বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন যুবসেনার এই নেতা।
সূত্র: এনডিটিভি
Posted ২:২২ এএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।