শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সংস্কার নিয়ে কোন দল কী চায়, কী চায় না? কোথায় আপত্তি?

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   439 বার পঠিত

সংস্কার নিয়ে কোন দল কী চায়, কী চায় না? কোথায় আপত্তি?

রাষ্ট্র পরিচালনার মূলনীতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তন বা সংস্কারের প্রশ্নে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রকমের ভিন্নমত বা পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে।

যদিও অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন তাদের সংস্কারের প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। কিন্তু তাতে ভিন্নমত বা মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত। তারা আবার নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন চাইছে।

বিএনপিসহ বেশিরভাগ দল থেকে একেবারে বিপরীত অবস্থান নতুন এই দলটির।

প্রশ্ন হচ্ছে, মৌলিক বিষয়গুলোতে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব? জাতীয় ঐকমত্য কমিশন অবশ্য হাল ছাড়তে চায় না।

এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় তারা ভিন্নমতের কারণ জানার চেষ্টা করছেন। একইসঙ্গে তাদের সংস্কারের প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা রয়েছে।

বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত মৌলিক বিষয়গুলোয় ঐকমত্য বেশ কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

তারা বলছেন, দলগুলো তাদের দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারছে না।

গত বছরের পাঁচই অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য ১১টি কমিশন গঠন করে।

এর মধ্যে সংবিধান, বিচারবিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন, ও পুলিশ-এ সব বিষয়ে ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

মূলত সংবিধান সংস্কারের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপত্তি, ভিন্নমত বা মতপার্থক্য দেখা দিয়েছে।

বিএনপি, জামায়াতের ভিন্নমত কোন ক্ষেত্রে

সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের প্রশ্নেই বিএনপি ও জামায়াতে ইসলামী পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে।

সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি হিসেবে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।

এ ব্যাপারে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, ‘বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে।’

কমিশনের এই প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি। ভিন্নমত পোষণ করে দলটি বলেছে, সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পক্ষে তারা।

সংবিধানের ৮ অনুচ্ছেদে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। আর অনুচ্ছেদ ৯, ১০, ও ১২-এ জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

বিএনপি কি তাহলে ধর্মনিরপেক্ষতায় ফিরে যেতে চায়––এমন প্রশ্নও তুলছেন দলটির সমালোচকেরা।

আর এই সমালোচনার মুখে বিএনপি বলেছে, তারা তাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনের সময় আনা পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে চায়।

সংবিধানের পঞ্চম সংশোধনীতেই সর্বশক্তিমান ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাদের দলের পক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত তুলে ধরেছেন।

তিনি বিবিসি বাংলাকে বলেন, তারা মূলনীতিতে পরিবর্তন চান না, সেটাই তারা বলেছেন। সেখানে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় এবং পঞ্চম সংশোধনীতে ফিরে গেলে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা থাকছে; ধর্মনিরপেক্ষতার বিষয় আসছে না।

এই মূলনীতি সংস্কারের প্রশ্নে বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে তাদের এক সময়ের জোট শরিক জামায়াতে ইসলামী। দলটি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে।

জামায়াত শুধু একটি শব্দ ‘বহুত্ববাদ’ নিয়ে আপত্তি জানিয়েছে। তারা এর পরিবর্তে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ, এই শব্দগুলো যুক্ত করার প্রস্তাব দিয়েছে।’

এই ইস্যুতে অন্য ইসলামী ও বামপন্থিদলগুলোও বিএনপি এবং জামায়াতকে অনুসরণ করে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:৫৩ এএম | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।