শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   337 বার পঠিত

যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসাবে চারজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে হাইপ্রোফাইল চার নেতাকে সফরসঙ্গী করায় যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক রাজনৈতিক সংলাপের সম্ভাবনা অনেকটাই স্পষ্ট। বিদেশের মাটিতে রাজনৈতিক সংকটের আলোচনায় ‘আন্তর্জাতিক অ্যাক্টররা’ উপস্থিত থাকতে পারেন। কেননা বাংলাদেশের নির্বাচনপূর্ব রাজনৈতিক সংকট নিয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ত হওয়ার ঘটনা অতীতে ঘটেছে। এই সফরে নির্বাচনের আগে রাজনীতির অনেক জট আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আলোকপাত করা হতে পারে। বিশেষ করে গণতন্ত্রে উত্তরণের পথ কেমন হবে, এর রূপরেখায় রাজনীতিকদেরও সঙ্গে রাখতে চাইছেন ইউনূস। এতে বর্তমান অনিশ্চিত পরিস্থিতি থেকে উত্তরণে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় একধরনের মধ্যস্থতার ভূমিকা নিতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অন্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরুর আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এবারের নির্বাচনের বৈশিষ্ট্য হলো, এতে প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এতকিছুর পরও বিভিন্ন মহলে দ্বিধার শেষ নেই। অনেকেরই প্রশ্ন-ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না। বেশকিছু ইস্যুতে রাজনৈতিক ফয়সালা এখনো হয়নি। তাছাড়া আন্তর্জাতিক মহলের মনোভাবও নিবিড়ভাবে রাজনীতিকদের সামনে আনার লক্ষ্যে জাতিসংঘে প্রধান উপদেষ্টার এই সফরকে কাজে লাগানোর চেষ্টা হতে পারে। বিদেশে বাংলাদেশের রাজনৈতিক আলোচনা নতুন নয়। এর আগে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে দ্বিপক্ষীয় সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এবার বিদেশিদের সামনে রাজনীতিকদের সরাসরি হাজির করে প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার কোনো পথ খোঁজতে পারেন। স্পষ্টত মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র মুখ্য ভূমিকা পালন করতে পারে। এ ব্যাপারে ঢাকায় মার্কিন কূটনীতিকসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকায় অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা নিজেদের দেশে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন প্রেরণ করেছেন। এর আলোকে সংকটের রাজনৈতিক সংলাপ ভিন্ন আঙ্গিকে হতে যাচ্ছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:৫৮ এএম | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।