জেলা প্রতিনিধি | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জনসাধারণের চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের সরকারি খাল দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কৃষকরা। এ ঘটনায় দখলমুক্ত করে রাস্তা ও খালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. হুকুম আলী।
রোববার (১ নভেম্বর ২০২৬) নাসিরনগর উপজেলার ৯ নম্বর চাপরতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উড়িয়াইন গ্রামের পক্ষে তিনি এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নম্বর ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে। পাশাপাশি সরকারি খালটি এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অভিযোগ অনুযায়ী, একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলেরা—মো. ফারুক মিয়া, মো. তাউস মিয়া, মো. সাফকুল মিয়া ও মো. শিরান মিয়া রাস্তা ও খালের জায়গায় কাঁটার বেড়া ও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
এতে নারী, শিশু, বৃদ্ধ ও কৃষকসহ গ্রামের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে।
আবেদনে ইউপি সদস্য মো. হুকুম আলী বলেন, রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা জরুরি। এ জন্য তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আবেদনের সঙ্গে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর এবং বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৬:৪৫ এএম | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।