ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম, এলএমআইএ ছাড়াই মিলবে ১০০ সিআরএস পয়েন্ট

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন নিয়ম, এলএমআইএ ছাড়াই মিলবে ১০০ সিআরএস পয়েন্ট

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) প্রত্যাশীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় নতুন নিয়ম চালু হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এ নিয়মে নির্দিষ্ট যোগ্যতার চাকরির প্রস্তাবের ক্ষেত্রে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) ছাড়াই কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমে (সিআরএস) সর্বোচ্চ ১০০ অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, নতুন নিয়মে উচ্চ বেতনের যোগ্য পেশায় চাকরির প্রস্তাব অথবা কানাডায় অর্জিত কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত পয়েন্ট দেওয়া হবে। তবে চাকরির প্রস্তাব ও কানাডীয় কর্ম-অভিজ্ঞতা—দুই ক্ষেত্রের পয়েন্ট একসঙ্গে পাওয়া যাবে না। যে ক্ষেত্রে পয়েন্ট বেশি হবে, সেটিই বিবেচনায় নেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট পেশার নির্ধারিত মধ্যম মজুরির দ্বিগুণ বা তার বেশি বেতনের চাকরির প্রস্তাবে ১০০ পয়েন্ট, দেড় গুণ বা তার বেশি হলে ৭০ পয়েন্ট এবং ১ দশমিক ৩ গুণ বা তার বেশি হলে ৫০ পয়েন্ট পাওয়া যাবে। তবে নির্ধারিত বেতনসীমা পূরণ না হলে চাকরির প্রস্তাবের জন্য অতিরিক্ত পয়েন্ট পাওয়া যাবে না।

অন্যদিকে, কানাডায় অন্তত ১২ মাসের যোগ্য কর্ম-অভিজ্ঞতা থাকলে পেশার বেতনস্তর অনুযায়ী অতিরিক্ত ২০, ৪০ অথবা ৭০ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি কর্ম-অভিজ্ঞতার মেয়াদ অনুযায়ী প্রচলিত সিআরএস পয়েন্টও যুক্ত হবে।

নতুন ব্যবস্থায় চাকরির প্রস্তাব নতুন কিংবা পুরোনো—যেকোনো নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া যেতে পারে। একইভাবে নতুন পদ অথবা আগে থেকে বিদ্যমান পদেও চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে। এসব ক্ষেত্রে এলএমআইএ বাধ্যতামূলক নয়। এমনকি এলএমআইএ থাকলেও অতিরিক্ত পয়েন্ট বা প্রোফাইলে বাড়তি অগ্রাধিকার পাওয়া যাবে না।

তবে চাকরির প্রস্তাব অবশ্যই প্রকৃত ও গ্রহণযোগ্য হতে হবে। আইআরসিসি নিয়োগকর্তার ব্যবসার বৈধতা, কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা, প্রস্তাবিত বেতন ও নিয়োগের শর্ত পূরণের সক্ষমতা এবং প্রার্থীর সংশ্লিষ্ট কাজের যোগ্যতা যাচাই করবে। ভুয়া চাকরির প্রস্তাব বা তথ্য গোপনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, নতুন নিয়ম কার্যকরের পর বিদ্যমান এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলগুলোর সিআরএস স্কোর স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় নতুন করে স্থায়ী বসবাসের আবেদন করার আমন্ত্রণপত্র (আইটিএ) দেওয়ার ড্র সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে আইআরসিসি।

অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন নিয়মে অতিরিক্ত পয়েন্ট অর্জনের সুযোগ তৈরি হলেও শুধু চাকরির প্রস্তাব থাকলেই কানাডার স্থায়ী বসবাস নিশ্চিত হবে না। বয়স, শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা, কর্ম-অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ড্রয়ের সিআরএস কাট-অফ স্কোরও আমন্ত্রণ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ৬:৫৪ এএম | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।