ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মার্কিন বিমানঘাঁটির আকাশে রহস্যময় ড্রোন, যুক্তরাজ্যে বাড়তি সতর্কতা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

মার্কিন বিমানঘাঁটির আকাশে রহস্যময় ড্রোন, যুক্তরাজ্যে বাড়তি সতর্কতা

যুক্তরাজ্যে মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আরএএফ ল্যাকেনহিথের আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ড্রোনটি শনাক্ত হওয়ার পরপরই সতর্ক অবস্থান নেয় মার্কিন নিরাপত্তা বাহিনী। জোরদার করা হয় ঘাঁটির নিরাপত্তাব্যবস্থা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সন্ধ্যার দিকে ঘাঁটির আকাশে অননুমোদিত ড্রোনের উপস্থিতি টের পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিরাপত্তারক্ষীরা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। তবে এ ঘটনায় কোনো সেনা, বিমান কিংবা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।

ঘাঁটিতে অবস্থানরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘটনাটি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য, মার্কিন নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে।

সামরিক ঘাঁটি ঘিরে আগেও ছিল হামলার শঙ্কা

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্য থেকে নিজেদের বোমারু বিমান ও বড় আকারের জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানগুলো জার্মানিতে পাঠানো হয়েছিল।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে একটি সাদা ভ্যানে করে একদল লোক উপস্থিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় দুজনকে অভিযুক্ত করা হয়। তাঁদের একজন ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আটক ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য ওই বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিলেন বলেও জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

গত অক্টোবরেই ব্রিটেনের গোয়েন্দা প্রধান সতর্ক করে বলেছিলেন, ইরান যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা চালাচ্ছে। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ইউরোপজুড়েও বাড়ছে ড্রোন আতঙ্ক

শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপের অন্যান্য দেশেও ড্রোন ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। গত আগস্টে জার্মানির একটি বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই ড্রোন পাওয়া যায়। এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মান সরকার।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ১১:৫০ এএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।