ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 16 বার পঠিত
সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর। বিদ্যমান পেনশনভোগীদের নিট পেনশন ৫৫ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অবসর-উত্তর ছুটি, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারণের বিধানেও আনা হয়েছে পরিবর্তন।
এ বিষয়ে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গত বুধবার জারি করা এ প্রজ্ঞাপন চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
পাঁচ ধাপে বাড়বে পেনশন
সংশোধিত আদেশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যারা মাসিক নিট পেনশন ও পারিবারিক পেনশন পাচ্ছেন, ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত পেনশনের ভিত্তিতে তাদের নতুন পেনশন নির্ধারণ করা হবে।
নতুন সিদ্ধান্তে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ফলে তাদের নতুন পেনশন হবে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ১৮ হাজার টাকা।
৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীরা পাবেন ৭৫ শতাংশ বৃদ্ধি। এতে তাদের পেনশন দাঁড়াবে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত।
২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৬৫ শতাংশ। নতুন হিসাবে তাদের পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা।
৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের পেনশন বাড়বে ৬০ শতাংশ। তাদের নতুন পেনশন নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা পর্যন্ত।
অন্যদিকে, ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ। এ ক্ষেত্রে নতুন পেনশন সর্বনিম্ন ৬২ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত হবে।
তবে বর্তমানে যেসব পেনশনভোগী মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক পেনশন বৃদ্ধি কার্যকর হওয়ার আগ পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন। পেনশনের ভগ্নাংশ থাকলে তা পরবর্তী পূর্ণসংখ্যায় রূপান্তর করে হিসাব করতে হবে।
অবসর-উত্তর ছুটিতে যারা যে সুবিধা পাবেন
প্রজ্ঞাপনে অবসর-উত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্যও পৃথক বিধান রাখা হয়েছে। যাদের অবসর-উত্তর ছুটি ২০২৬ সালের ১ জুলাই বা তার আগে শুরু হয়ে চলমান রয়েছে, তারা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ ছুটিকালীন বেতন ও ভাতাদি পাবেন। তবে ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক নির্ধারিত হবে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী।
অন্যদিকে, ২ জুলাই বা তার পরে যারা অবসর-উত্তর ছুটিতে গেছেন বা যাবেন, তারা ২০২৬ সালের বেতনস্কেল অনুযায়ী ছুটিকালীন বেতন-ভাতা, নিট পেনশন ও আনুতোষিক পাবেন।
লাম্পগ্র্যান্ট পাবেন ১৮ মাসের মূল বেতনের সমান
লাম্পগ্র্যান্ট বা এককালীন অর্থ পরিশোধের ক্ষেত্রেও নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছে। ৩০ জুন চাকরি শেষ করে ১ জুলাই যাদের অবসর-উত্তর ছুটি শুরু হয়েছে, তারা ছুটি প্রাপ্যতা সাপেক্ষে ২০১৫ সালের বেতনস্কেলে অবসরকালীন নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।
আর ২ জুলাই বা তার পরে যাদের অবসর-উত্তর ছুটি শুরু হয়েছে, তারা ২০২৬ সালের বেতনস্কেলে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ধাপভিত্তিক বেতন বাস্তবায়নের কারণে কোনো কর্মচারী কম মূল বেতন তুললেও তার নিট পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারিত মূল বেতনের ভিত্তিতেই হিসাব করা হবে। প্রাপ্য আনুতোষিক ও লাম্পগ্র্যান্টের সম্পূর্ণ অর্থ একসঙ্গে পরিশোধ করতে হবে।
আগে নিষ্পত্তি হওয়া পেনশনও নতুন করে হিসাব
নতুন বিধান অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে জাতীয় বেতনস্কেল ২০২৬ জারির তারিখ পর্যন্ত যেসব কর্মচারীর নিট পেনশন, আনুতোষিক বা ছুটি নগদায়নের দাবি ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী নিষ্পত্তি হয়েছে, সেগুলো পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের পর অতিরিক্ত অর্থ পাওনা হলে তা সংশ্লিষ্টদের পরিশোধ করা হবে।
এ ছাড়া কোনো মূল পেনশনভোগীর একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য নিট পেনশন ও উৎসব ভাতার ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে সংশ্লিষ্টদের মধ্যে অর্থ বণ্টন করতে হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে বিদ্যমান পেনশনভোগীদের পাশাপাশি অবসর-উত্তর ছুটিতে থাকা কর্মচারীদের পেনশন ও অবসরকালীন আর্থিক সুবিধা নির্ধারণে নতুন কাঠামো কার্যকর হবে।
Posted ১:৩৩ পিএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।