ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ চলছে: সমাজকল্যাণমন্ত্রী

জেলা প্রতিনিধি   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ চলছে: সমাজকল্যাণমন্ত্রী

আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতিতে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই অবস্থা কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। তবে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে নানা প্রতিকূলতার মধ্যেও দেশের মানুষ তিনবেলা খেতে পারছেন।

আওয়ামী লীগের সমালোচনা করে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছেন। এত খুন, গুম ও মানুষকে পঙ্গু করে দেওয়ার পরও কীভাবে ভাবেন, আপনাদের বিচার হবে না? দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি ৫ আগস্টের মতোই হবে।

অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্ব দিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে—জগতের সকল প্রাণী সুখী হোক। আমরাও সম্মিলিতভাবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের মাঝেই দলটি বেঁচে থাকতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের মাঝে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথে হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান ও বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু।

এ ছাড়া বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, আদিবাসী স্বপন এক্কা, পিংকি তিজ্ঞাসহ অন্যরা।

Facebook Comments Box

Posted ১:৫৫ পিএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।