ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
ইরানের সিরিক দ্বীপে যোগাযোগ টাওয়ারে হামলার পাল্টা জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আগাম সতর্কবার্তা প্রদানকারী (আর্লি-ওয়ার্নিং) রাডার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে চালানো হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ওই রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে ওয়াশিংটনের প্রতি গুরুতর সতর্কবার্তা হিসেবেও উল্লেখ করেছে সংস্থাটি।
বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল চোরাচালান বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্স কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো ধরনের জবাব দিতে প্রস্তুত।
ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণার কয়েক দিনের মাথায় এ হামলার দাবি সামনে এলো। এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পাল্লার ওপর থাকা বিধিনিষেধ তুলে নিয়েছে। তবে এসব সক্ষমতা বাস্তবে প্রদর্শনের বিষয়টি এখনো বাকি রয়েছে বলে জানান তিনি।
ইরানি বার্তা সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেব্বি বলেন, ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পাল্লার ওপর থাকা বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। তবে এসব সক্ষমতা বাস্তবে প্রদর্শন করতে হবে।
এর আগে দেওয়া আরেক বিবৃতিতে তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দেশটির প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম। যুক্তরাষ্ট্র ইরানি ড্রোনের অনুকরণ করছে উল্লেখ করে তিনি একে ইরানের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার প্রমাণ হিসেবে অভিহিত করেন।
মোহেব্বির আরও দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অকার্যকারিতা প্রমাণ করেছে। দেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার বিরুদ্ধে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কার্যকর ও টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ইসরায়েলি সংবাদপত্র মারিভ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও আঞ্চলিক তৎপরতা ক্রমাগত বাড়াচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ক্রমেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যেও মতপার্থক্য বাড়ছে।
সামরিক সংবাদদাতা ও বিশ্লেষক আভি আশকেনাজির লেখা ওই প্রতিবেদনে ব্লুমবার্গের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, ইরান প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। দেশটির মজুতেও রয়েছে অতিরিক্ত প্রায় ১ হাজার ৭০০টি ক্ষেপণাস্ত্র।
মারিভের প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মজুতের এ পরিসংখ্যান মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এসব তথ্য থেকে ধারণা করা হচ্ছে, তেহরান ক্রমাগত তাদের সামরিক সক্ষমতা শক্তিশালী করছে।
সূত্র: আল-মায়াদিন
Posted ৬:৪২ এএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।