জেলা প্রতিনিধি | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির সুফল তুলে ধরা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় GPMS কর্মপরিকল্পনার আওতায় অক্টোবর-ডিসেম্বর ২০২৬-এর দ্বিতীয় প্রান্তিকের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুন, নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী ওয়াস্থী, মো. শাহীনুর ইসলাম ঠাকুর এবং বিদ্যালয়ের সহ-সভাপতি সাবিনা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মীর কামরুজ্জামান কবির ফ্যামিলি কার্ড কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে ১৪টি উপজেলা ও এলাকায় ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারী সদস্যদের এ কর্মসূচির আওতায় এনে স্বল্পমূল্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা তৈরিতে সমাজসেবা বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আসাদনগরে ৭৭৬ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসন সুবিধাভোগীদের তথ্য যাচাই করছে। (তথ্য সূত্র: জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া)।
কৃষক কার্ড কর্মসূচি প্রসঙ্গে ইউএনও বলেন, ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে কৃষি মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির বাস্তবায়ন শুরু করে। পরে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরীক্ষামূলকভাবে ১০টি জেলার ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ শুরু হয়েছে।
তিনি বলেন, কৃষকদের ডিজিটাল পরিচয়ের আওতায় এনে সার, বীজ, কৃষিঋণ, ভর্তুকি ও অন্যান্য কৃষিসেবা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। (তথ্য সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া)।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উঠান বৈঠকের সমাপ্তি ঘটে।
Posted ১:২২ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।