জেলা প্রতিনিধি | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা-বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে বগুড়ার শেরপুরে গ্যানেল গোপাল সুইট অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরশহরের সাব-রেজিস্ট্রার অফিস বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
অভিযানকালে রেস্টুরেন্টটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং রান্নাঘরে শুকনো গোবর সংরক্ষণের স্থানের পাশে পরোটার ময়দার খামির তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার করতেও দেখা যায়।
এ সময় ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি, উৎপাদিত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং খাবার সরবরাহকারীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও ধরা পড়ে।
এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শেরপুর থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে সরকারি আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
Posted ৪:৪৯ পিএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।