ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইরানের সরবরাহ লাইন বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, সফলতা নিয়ে সংশয়

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

ইরানের সরবরাহ লাইন বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, সফলতা নিয়ে সংশয়

ইরানকে বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অস্ত্র ও প্রযুক্তি সরবরাহের পথ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘টাস্কফোর্স আইরন গেট’ নামে একটি বিশেষ ইউনিট গঠন করেছে। তবে বিশ্লেষকদের মতে, দীর্ঘ সীমান্ত ও বিস্তৃত বাণিজ্যিক নেটওয়ার্কের কারণে ছোট এই গোয়েন্দা ইউনিটের পক্ষে ইরানের সরবরাহব্যবস্থা পুরোপুরি বন্ধ করা প্রায় অসম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, টাস্কফোর্সটি পুরোপুরি কার্যকর রয়েছে। হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের মাধ্যমে ইরানের আমদানি-রপ্তানি কার্যক্রমও প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সেন্টকম জানিয়েছে, ফ্লোরিডার টাম্পাভিত্তিক এই ইউনিট অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে ইরানে উন্নত অস্ত্র, প্রযুক্তি ও অবৈধ অর্থের চোরাচালান প্রতিরোধে কাজ করবে।

মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় বলেন, এই টাস্কফোর্সের প্রধান কাজ হবে ইরানে অস্ত্র সরবরাহের পথ এবং দেশটির জ্বালানি পরিবহনব্যবস্থা শনাক্ত করা।

তবে কিংস কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ এই উদ্যোগকে ‘হতাশাজনক চেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, মাত্র ২০ সদস্যের একটি ইউনিটের পক্ষে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দেওয়া সম্ভব নয়।

বিশ্লেষকদের ধারণা, টাস্কফোর্সটি মূলত একটি গোয়েন্দা সেল হিসেবে কাজ করবে। এর লক্ষ্য ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহ পুরোপুরি বন্ধ করার চেয়ে সেই প্রক্রিয়াকে আরও ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তোলা।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ম্যাথিউ সাভিলের মতে, এই মিশনে স্যাটেলাইট চিত্র, ড্রোন ও গোয়েন্দা তথ্য ব্যবহার করা হতে পারে। প্রয়োজনে ড্রোন হামলা কিংবা সীমিত স্থল অভিযানও চালানো হতে পারে। তবে রাশিয়া ও চীনের মতো দেশ থেকে ইরানে প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বিশ্লেষকদের মতে, এই অভিযানের প্রধান বাধা প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক। ইরানের প্রতিবেশী ইরাক, আজারবাইজান, তুর্কমেনিস্তান, পাকিস্তান ও তুরস্ক যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগে সহযোগিতা করতে কতটা আগ্রহী হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের গবেষক রামি খুরি বলেন, হাজার বছর ধরে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ইরানের যে বিশাল ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে উঠেছে, তা যুক্তরাষ্ট্রের পক্ষে পুরোপুরি বন্ধ করা অসম্ভব।

এদিকে, এই মিশনকে কেন্দ্র করে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক ক্রিগ সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে অভিযান চালানো হলে যুদ্ধের পরিধি আরও বাড়তে পারে। এর জবাবে ইরান হরমুজ প্রণালিতে চাপ বাড়ানোর পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীদেরও কাজে লাগাতে পারে।

অন্যদিকে, কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব জুয়াইরি বলেছেন, কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নেই। রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়ার আশঙ্কায় ইরানের প্রতিবেশী দেশগুলোও ওয়াশিংটনকে সহযোগিতা করতে চাইবে না। ফলে সরাসরি মাঠপর্যায়ে সেনা মোতায়েন না করা পর্যন্ত এই টাস্কফোর্সের কার্যকারিতা সীমিতই থাকার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে, ইরানের অস্ত্র ও প্রযুক্তি সরবরাহব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারলেও দেশটির বিস্তৃত বাণিজ্যিক নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের সফলতা অনেকাংশেই নির্ভর করবে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা এবং কূটনৈতিক সমর্থনের ওপর।

Facebook Comments Box

Posted ৬:৫৭ এএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।