ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত

সংগৃহীত ছবি
মিশরের গিজা শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা নিশ্চিত করতে আশপাশের সব হাসপাতালে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার।
রোববার গিজার আল-আইয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো-আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে ট্রেনচালকও রয়েছেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন। দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি বগি ভেঙে দুই টুকরো হয়ে গেছে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসায় আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। তাঁদের অনেকের শরীরের হাড় ভেঙে গেছে। কেউ কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এদিকে মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি সহায়তা দিচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও সহযোগিতা করছে সংস্থাটি।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনার পর গিজা ও উচ্চ মিশরের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি ও ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ভারী ক্রেন।
উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে আল-আইয়াতের কাছাকাছি এলাকায় কায়রো থেকে লুকসরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনা মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে পরিচিত।
সূত্র: বিবিসি
Posted ৭:১৪ এএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।