ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

৫ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে তিন দিনের আলটিমেটাম

জেলা প্রতিনিধি   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

৫ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে তিন দিনের আলটিমেটাম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম বিচ্ছিন্ন করে নতুন বরিশল ইউনিয়ন গঠনের প্রতিবাদে পাঁচ ঘণ্টা ধরে চলা রেল ও সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা বিএনপির নেতাদের আশ্বাসে রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তবে আগামী তিন দিনের মধ্যে দাবি পূরণ না হলে আবারও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার সকাল ৬টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বাসিন্দারা। এতে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসুদেব ইউনিয়নের চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবনায় নতুন ইউনিয়নটি গঠিত হয়। তার বাড়ি বরিশল গ্রামে। গ্রামটিও আগে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।

তবে বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম বিচ্ছিন্ন করে নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ।

বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, তিন দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে আমাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসন ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবে। দাবি পূরণ না হলে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অবরোধ তুলে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

Facebook Comments Box

Posted ১:১৭ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।