নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত

পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানায়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করেছে বিজিবি। সদরদপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে মোতায়েন সদস্যদের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
Posted ৭:০৭ এএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।