জেলা প্রতিনিধি | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 21 বার পঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে জাতীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী মো. আমিনুর রশিদ।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র্যালির আগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিবসের মূল অনুপ্রেরণা হলো সবাইকে ঐক্যবদ্ধ করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে শক্তিশালী করা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দিনটি বিশেষ তাৎপর্য অর্জন করে। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
তারা বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের পরিবেশ বজায় রাখা জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এ উপলক্ষে সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ড এবং বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।
এর আগে দলীয় কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতাকর্মীরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, গণতান্ত্রিক চর্চা জোরদার এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ১২:২৩ পিএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।