ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সাধারণ মানুষ যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। চিকিৎসার জন্য কাউকে যেন রাজধানীতে আসতে না হয়, সেটিও সরকারের অন্যতম লক্ষ্য।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং আয়োজিত ‘৩২তম জাতীয় সম্মেলন ও ২য় আউটরিচ প্রোগ্রাম বাংলাদেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। দেশের স্বাস্থ্যব্যবস্থার সামগ্রিক উন্নয়নে এই বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতা, দক্ষতা ও পরিকল্পনার মাধ্যমে বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সার্বিক দিকনির্দেশনা দেবে। তবে চিকিৎসাব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। রোগীরা যাতে দেশেই জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা পান এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হন, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নবীন চিকিৎসকদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়নের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে লিভার সিরোসিসের অবস্থান সপ্তম। দেশে প্রায় ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি এবং সাড়ে চার কোটির বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত। রোগটি জটিল পর্যায়ে পৌঁছালে এক বছরের মধ্যে ৪০ থেকে ৬০ শতাংশ রোগীর মৃত্যু হতে পারে। তাই রোগের প্রাথমিক শনাক্তকরণ, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

এ সময় অপ্রয়োজনীয় সিটি স্ক্যান ও অস্ত্রোপচার পরিহারের পাশাপাশি অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেডিয়েশন ঝুঁকি ভাতা চালুর আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ আওসাফ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।

এ ছাড়া ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Facebook Comments Box

Posted ১:০৫ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।