ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বকাপের ফাইনাল স্পেনে না হলে আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

বিশ্বকাপের ফাইনাল স্পেনে না হলে আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনে আয়োজন করা না হলে যৌথ আয়োজক হিসেবে সরে দাঁড়ানোর প্রস্তাব দিতে পারে দেশটির বিরোধী দল পিপি (পিপলস পার্টি)। দলটির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো স্পষ্ট জানিয়েছেন, ফাইনাল মরক্কোতে অনুষ্ঠিত হলে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে স্পেনের থাকা উচিত নয়।

২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে টুর্নামেন্টের ফাইনাল কোন দেশে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ নিয়ে তিন আয়োজক দেশের মধ্যে আলোচনা ও প্রতিযোগিতা চলছে।

স্পেনের সংবাদমাধ্যম এল এস্পানিওলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে পিপি ক্ষমতায় এলে এবং ফিফা ফাইনাল মরক্কোকে বরাদ্দ দিলে স্পেনকে আয়োজক হিসেবে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিতে পারে দলটি।

সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’তে দেওয়া বক্তব্যে ফেইহো বলেন, বিশ্বকাপের ফাইনাল স্পেনেই আয়োজন করা উচিত। তা না হলে বিশ্বকাপ আয়োজনের সঙ্গে স্পেনের যুক্ত থাকার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

পিপির দাবি, স্পেন ও পর্তুগাল প্রথমে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নিয়েছিল। পরবর্তী সময়ে এর সঙ্গে যুক্ত হয় মরক্কো। এ কারণে ফাইনাল স্পেনে আয়োজন করাকে তারা ন্যায্য বলে মনে করছে।

ফাইনাল আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন গ্র্যান্ড স্টেডিয়াম হাসান দ্বিতীয়কে বিবেচনায় রাখা হয়েছে।

তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাবের সঙ্গে একমত নয়। সংস্থাটির মতে, ফিফা, অন্য আয়োজক দেশ ও সরকারের সঙ্গে স্পেনের চুক্তি রয়েছে। ফলে চাইলেই আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো সহজ হবে না। তবে ফাইনাল স্পেনে আয়োজনের দাবি অব্যাহত রেখেছে ফেডারেশন।

এদিকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি যাচাই করতে স্পেনের বিভিন্ন শহর পরিদর্শন শুরু করেছে ফিফার প্রতিনিধিদল। স্টেডিয়াম, আবাসন, চিকিৎসাসেবা, প্রশিক্ষণ মাঠ ও পরিবহনব্যবস্থাসহ প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা খতিয়ে দেখছেন তাঁরা। নভেম্বর ও ডিসেম্বরজুড়ে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় এই পরিদর্শন কার্যক্রম চলবে।

সব মিলিয়ে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে তিন দেশের মধ্যে প্রতিযোগিতার পাশাপাশি স্পেনের রাজনৈতিক অবস্থানও নতুন আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত ফিফা কোন দেশকে ফাইনাল আয়োজনের দায়িত্ব দেয়, এখন সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box

Posted ১২:১৭ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।