ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, দাবি ট্রাম্পের; ইসরায়েলে অস্ত্র বন্ধের আহ্বান

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, দাবি ট্রাম্পের; ইসরায়েলে অস্ত্র বন্ধের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই ওয়াশিংটনের। একই সঙ্গে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষা পাওয়া দেশগুলোর কাছ থেকে যুদ্ধের শতভাগ ব্যয় আদায়ের ঘোষণা দিয়েছেন তিনি। এ তালিকায় ইসরায়েলের নামও স্পষ্টভাবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের কয়েকশ মিলিয়ন ডলার এবং হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তাই ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই।

পোস্টে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন শহর ও অঙ্গরাজ্যগুলোতে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ট্রাম্প দাবি করেন, এসব এলাকায় অপরাধ ও দুর্নীতি দমনের উদ্যোগ ইরানের সঙ্গে যেকোনো চুক্তির চেয়েও বেশি অর্থ সাশ্রয় করতে পারে।

এদিকে, ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সুরক্ষা পাওয়া দেশগুলোর কাছে যুদ্ধের যাবতীয় ব্যয়ের শতভাগ ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোকে যুদ্ধের পুরো ব্যয় পরিশোধ করতে হবে।

ট্রাম্প বলেন, ‘আমরা এসব অর্থ ফেরত পেতে যাচ্ছি। তারা এটি করতে বাধ্য, শতভাগ পরিশোধ করবে। কারণ, আমরা না থাকলে তাদের কোনো অস্তিত্বই থাকত না।’

সাক্ষাৎকারে প্রথমবারের মতো ইসরায়েলের কাছ থেকে সরাসরি ক্ষতিপূরণ চাওয়ার বিষয়টি স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না বলেও মন্তব্য করেন ট্রাম্প।

গাজায় হামলা: ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও স্বাস্থ্যসেবা অবকাঠামো ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটিতে সব ধরনের অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টাইনস।

সংস্থাটির প্রধান নির্বাহী স্টিভ কাটস বলেছেন, গাজায় চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের ক্ষোভ শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। কার্যকর পদক্ষেপের মাধ্যমে সেই অবস্থানের প্রতিফলন ঘটাতে হবে। এ জন্য ইসরায়েলে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করা জরুরি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে কাটস জানান, গাজার অবরুদ্ধ ভূখণ্ডে একমাত্র সচল অস্ত্রোপচার হাসপাতাল নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় একজন শল্যচিকিৎসক নিহত হয়েছেন। নিজের কর্মস্থলেই প্রাণ হারিয়েছেন ওই চিকিৎসক। হামলায় হাসপাতালের শয্যায় থাকা রোগীরাও নিহত হয়েছেন। এ ছাড়া অস্ত্রোপচারকক্ষ ও নিবিড় পরিচর্যাকেন্দ্রও হামলার শিকার হয়েছে।

গাজায় চলমান যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন কাটস। তিনি বলেন, ‘এ কেমন যুদ্ধবিরতি? ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। আর গাজার হাসপাতালগুলোকে এমন একটি স্বাস্থ্যব্যবস্থার ধ্বংসাবশেষ সামাল দিতে হচ্ছে, যেটিকে পরিকল্পিতভাবে আগেই ভেঙে ফেলা হয়েছে।’

তিনি আরও বলেন, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে চিকিৎসা কার্যক্রম পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এর মধ্যে হাসপাতালগুলোতে নতুন করে হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

যুক্তরাজ্য সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে কাটস বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা এবং চিকিৎসাসামগ্রী প্রবেশে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির সম্প্রসারিত নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা ব্যবহার করা উচিত। গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস এবং চিকিৎসাসেবায় বাধা সৃষ্টির জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

সূত্র: রয়টার্স ও আল-জাজিরা

Facebook Comments Box

Posted ৫:৫২ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।