ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তুরস্কে ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের শিক্ষার্থীরা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

তুরস্কে ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের শিক্ষার্থীরা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

তুরস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নিতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’। দলটির গবেষণা ও প্রতিযোগিতার প্রস্তুতির জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘আমাদের মেধার কোনো সীমা নেই। প্রযুক্তিতে আমরা যতটুকু পিছিয়ে আছি, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা সেই ঘাটতি পূরণ করবে। মেধাবী তরুণেরাই বাংলাদেশকে প্রযুক্তিবিশ্বে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।’

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। প্রতিযোগিতার জন্য থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরি করছেন চুয়েটের শিক্ষার্থীরা। তাঁদের গবেষণা ও প্রস্তুতিতে সহায়তা করতেই জেলা প্রশাসনের এ অনুদান।

টিম স্টারাপ্টরের দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ড্রোনটি তৈরির কাজ করছেন। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ভিটল ড্রোনের ব্যবহার বাড়লেও বাংলাদেশে এ প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে এখনো ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।

দলটির দাবি, ‘দ্য স্টারাপ্টর’ নামে উদ্ভাবিত ড্রোনটি দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন। এটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। পাশাপাশি আকাশে ওঠার পর সাধারণ উড়োজাহাজের মতো সামনের দিকে চলতেও সক্ষম হবে।

এ ছাড়া ড্রোনটি দূরনিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত গন্তব্যে পৌঁছে মালামাল সরবরাহ করতে পারবে। কাজ শেষে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসার সক্ষমতাও রয়েছে এতে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৫৮ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।