জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি কার্যক্রম পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালগুলোকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস এবং ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম।
অভিযানকালে ঘিওর আধুনিক হাসপাতালকে ৪০ হাজার টাকা, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার টাকা এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানগুলোতে অবৈধভাবে প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং ল্যাব পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবৈধ কার্যক্রম কিংবা ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
Posted ৪:৪৩ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।