ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে: গণপূর্তমন্ত্রী

জেলা প্রতিনিধি   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে: গণপূর্তমন্ত্রী

কুমিল্লায় আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে জেলার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে। পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল। টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশ নেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করায় আয়োজনটি আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে। খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন তথা সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব। পাশাপাশি কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফাইনাল ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন আদর্শ সদর উপজেলা দলের রবিউল ইসলাম সবুজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চান্দিনা উপজেলা দলের মেহেদী।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:০৯ পিএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।