জেলা প্রতিনিধি | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। নিহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়।
এদিকে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশের সময় তার গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তার নিজের গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত ও সুস্থ রয়েছেন।
বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
Posted ১:১৯ পিএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।