ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে কুমিল্লামুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানবাহনের চাপ বাড়তে থাকলে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়ায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। পরে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে যানজট দীর্ঘ হতে থাকে। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরানোর কাজ চলছে। আশা করছি, এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
Posted ৭:২৭ এএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।