ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত
ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা কমাতে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগজনক। সময়মতো সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে এ রোগের ঝুঁকি এবং জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। অন্যদিকে, যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
তারেক রহমান সতর্ক করে বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে পারে। এমনকি এ রোগের জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি মানুষ মানসম্মত চিকিৎসা পাবেন এবং সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাণীতে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতাও অব্যাহত থাকবে।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সব সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।
Posted ১:৪১ পিএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।