ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের তৃতীয় ও সর্বশেষ ধাপ শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। গতকাল সোমবার শুরু হওয়া এ ধাপে অনলাইনে আবেদন করা যাবে আজ রাত ৮টা পর্যন্ত।
এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায়। আগে আবেদন না করা, কোনো কলেজে নির্বাচিত না হওয়া কিংবা নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন করতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদনের সুযোগ পাবেন।
গত ১৭ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় ধাপই হবে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ ধাপ।
আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রাখতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।
আগে আবেদন না করা, কোনো কলেজে নির্বাচিত না হওয়া, নির্বাচিত হয়েও নিশ্চায়ন করতে না পারা কিংবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করতে পারবেন। ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রয়েছে।
সময়সূচি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করা যাবে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। আর কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর।
আগে নির্বাচন নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে আজ মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ছুটির দিন কার্যকর হবে না।
কোটায় আবেদনকারীদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ভুলভাবে আবেদন করা বা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
Posted ৬:৩৯ এএম | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।