ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

ইরানের কৌশলগত জলপথ হরমুজ প্রণালির ওপর দিয়ে মার্কিন সামরিক কমান্ডারের হেলিকপ্টারে উড্ডয়নের পর যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জ্বলন্ত তেলবাহী ট্যাঙ্কারের ছবি প্রকাশ করে বিশ্ববাজারে তেলের উচ্চমূল্যের প্রসঙ্গ তুলে ওয়াশিংটনের হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার দাবিকে চ্যালেঞ্জ করেছে সংস্থাটি।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টারে করে হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যান। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি।
পোস্টে মোহেব্বি লেখেন, ‘এটাই বাস্তবতা…’। প্রকাশিত ছবিতে দেখা যায়, কুপার একটি বিমানে বসে আছেন এবং নিচে একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে আগুন জ্বলছে। ছবিতে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১৭ ডলার বলেও উল্লেখ করা হয়।
মার্কিন সামরিক কমান্ডারের ছবি, জ্বলন্ত ট্যাঙ্কার ও তেলের উচ্চমূল্য একসঙ্গে তুলে ধরে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে বিদ্রূপ করেছে আইআরজিসি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে কীভাবে পড়ছে, সেই বিষয়টিও সামনে এনেছে তারা।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার কথা বলা হলেও ইরান সেখানে নিজস্ব নিয়মকানুন কার্যকরের পদক্ষেপ নিয়েছে বলে তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী। এ সময় বিভিন্ন জাহাজকে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তারা ইরানের অনুমোদন ছাড়া চলাচলের চেষ্টা না করে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে অননুমোদিত পথে চলাচলের সময় দুটি সুপারট্যাঙ্কার সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী ঘোষণা দিয়েছে, ‘হরমুজ প্রণালি এখন বন্ধ।’ একই সঙ্গে তারা সতর্ক করেছে, ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে এই কৌশলগত জলপথ অতিক্রমের চেষ্টা করলে জাহাজে আগুন ধরে যাওয়ার ঝুঁকি রয়েছে।
Posted ৪:২১ পিএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।