ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত
রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে ইউক্রেনীয়দের প্রাণহানি ঘটছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে না বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি।
কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে আলিঙ্গন করা ছবি পোস্ট করার বিষয়টিকে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেন জেলেনস্কি।
তিনি বলেন, ‘অবশ্যই বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করে, কিন্তু ব্যাপারটা অদ্ভুত।’
পুতিনকে বন্ধু হিসেবে দেখার বিষয়ে আপত্তি জানিয়ে জেলেনস্কি বলেন, ‘সে একজন আগ্রাসী এবং হত্যাকারী… সে বন্ধু হতে পারে না। কিছুতেই না।’
এমন আচরণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার সঙ্গে তুলনা করেন তিনি।
২০২৫ সালে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি।
দীর্ঘদিন ধরে ট্রাম্পের দুই দূত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে অনেক সময় মনে হয়েছে, কিয়েভের অবস্থানের চেয়ে মস্কোর অবস্থানের সঙ্গে তারা বেশি একমত। চলতি মাসের শুরুতে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনার শেষ পর্বেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বিষয়টি নিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানি, সমস্যা তত বাড়ে।’
ডিসেম্বরে আবারও আলোচনা শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়াকে ইউরোপজুড়ে বিভিন্ন অঞ্চলের বিরুদ্ধে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি হওয়ার ‘জোরালো সম্ভাবনা’ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
তবে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বিভিন্ন ইস্যুতে রাশিয়া আবারও শুরুতে নেওয়া অনমনীয় দর-কষাকষির অবস্থানে ফিরে গেছে।
শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রতিনিধিদের বার্তা স্পষ্ট ছিল না বলেও অভিযোগ করেন জেলেনস্কি। তার মতে, এ ক্ষেত্রে ক্রেমলিন প্রতিবন্ধকতা তৈরি করছে।
রাশিয়ার হামলা বাড়ছে, ক্ষেপণাস্ত্রের ঘাটতি ইউক্রেনে
রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি। তবে ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা আরও ধারাবাহিক ও প্রাণঘাতী হয়ে উঠছে। নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এ পরিস্থিতিতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম প্রকৃত সহযোগী ও বন্ধুদের পাশে চেয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে শক্তি ও সম্মানের ভিত্তিতে নিজেদের অবস্থান ধরে রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘যখন আপনি আগ্রাসনকারীর প্রতি খুব বেশি নিরপেক্ষ থাকার চেষ্টা করেন… তার মানে আপনি ভুক্তভোগীদেরও সমর্থন করছেন, আগ্রাসনকারীকেও সমর্থন করছেন। এটা ঠিক নয়।’
দুই পক্ষের মধ্যে একটি টেকসই শান্তিচুক্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র নিজেদের নিরপেক্ষ বলে দাবি করে।
এদিকে নিজেদের আকাশসীমা রক্ষা করতে হিমশিম খাচ্ছে কিয়েভ। দিন-রাত আকাশপথে হামলার সতর্কতা ইউক্রেনের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ক্লান্তিকর অংশ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করছে। পাশাপাশি রাজধানী কিয়েভসহ বড় শহরগুলোতে প্রতিদিন ড্রোন হামলা চালানো হচ্ছে।
জবাবে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনও।
জেলেনস্কি জানান, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দ্রুতগতির ড্রোনগুলোর প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হচ্ছে এবং এই হার আরও বাড়ছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের ঘাটতি ‘অনেক, অনেক বেশি’।
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহেও বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘এটা দুঃখজনক যে তারা মধ্যপ্রাচ্যের দিকে মনোযোগ দিয়েছে এবং তাদের আরও বেশি সাহায্য করছে… এ নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে।’
তার মতে, ক্ষেপণাস্ত্রের ঘাটতির অর্থ মানুষের প্রাণহানি।
ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোতে মার্কিন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার এখনও সীমিত রয়েছে বলেও নিশ্চিত করেন জেলেনস্কি।
বিবিসিকে ইউক্রেনের ড্রোন ইউনিটগুলো জানিয়েছে, তাদের ইন্টারসেপ্টর ড্রোন রাশিয়ার শাহেদ ড্রোনের সঙ্গে পাল্লা দিতে পারছে না। ফলে এসব ড্রোন বাধা ছাড়াই ইউক্রেনের আরও গভীরে প্রবেশ করছে।
এ সিদ্ধান্তের পেছনে কার ভূমিকা রয়েছে, জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘প্রযুক্তিগতভাবে স্পেসএক্স, রাজনৈতিকভাবে—আমি জানি না, সত্যিই জানি না। এটা অনেকটা পিং পং খেলার মতো। আমরা এক পক্ষকে জিজ্ঞাসা করছি, তারা বলছে অন্য পক্ষ।’
তীব্র শীতের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে ইউক্রেন। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেল শোধনাগার এবং অস্ত্র ও জ্বালানি বহনকারী জাহাজও রয়েছে।
বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, এ সপ্তাহে পূর্ব লিবিয়ায় নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা ভূমধ্যসাগরেও যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে, যা অগ্রহণযোগ্য।
জেলেনস্কি ওই হামলার পক্ষে যুক্তি দিয়ে যুদ্ধজাহাজ মের্কুরিতে আঘাতকে ‘একেবারে ন্যায্য আঘাত’ বলে অভিহিত করেন।
এ ধরনের হামলা ‘খুবই বিপজ্জনক’ বলে স্বীকার করলেও ইউক্রেনের বাহিনী সহযোগীদের সঙ্গে সমন্বয় না করে ‘কখনোই হামলা করে না’ বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি না হলেও ইউক্রেন যে কঠিন ও বিপজ্জনক শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে, তা নিশ্চিত করেন জেলেনস্কি।
কিয়েভের ওপর সাম্প্রতিক হামলাগুলোতে দনিপ্রো নদীর ওপর সেতুগুলোকে লক্ষ্য করা হয়েছে। এসব হামলার মাধ্যমে শহরটিকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ বিভ্রাট ও সরবরাহ ব্যবস্থায় আঘাতের কারণে ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফলে কিছু বাসিন্দা ইতিমধ্যে শীতের জন্য শহর ছেড়ে চলে গেছেন এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। শহরের বেশিরভাগ অংশও অন্ধকারে ডুবে রয়েছে।
জেলেনস্কি বলেন, ‘(রাশিয়া) অবশ্যই চায় আমরা পালিয়ে যাই।’
তবে রাজধানী রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘লোকেরা চলে যেতে পারে, কিন্তু আমরা যেকোনো উপায়ে আমাদের রাজধানী রক্ষা করার চেষ্টা করব। আমাদের রাজধানী প্রয়োজন। রাজধানী ছাড়া কোনো দেশ হয় না।’
সূত্র: বিবিসি বাংলা
Posted ৭:৩৪ এএম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।