ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা ও লাথি মেরে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে বাসটি আটক করে পুলিশ। এ ঘটনায় চালক ও সুপারভাইজারকে আটক করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
বাসের যাত্রী আতিক ইসলাম জানান, তাঁর কাছে টাকা থাকায় তাঁকে বাস থেকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় তাঁকে বাঁচাতে মুকুল ও শাকিব এগিয়ে এলে তাঁদের লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
আতিক আরও জানান, তাঁদের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটক করা না হলে তাঁকেও ফেলে দেওয়া হতো বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর বাসের অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়।
এ সময় চাচাকে বাঁচাতে মুকুল ও শাকিব এগিয়ে গেলে তাঁদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও একটি মাইক্রোবাসের যাত্রীরা বাসটি আটক করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। খবর পাওয়ার পরপরই পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় বাসটি জব্দ করার পাশাপাশি চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
Posted ৭:৩৮ এএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।