জেলা প্রতিনিধি | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ থেকে অভিনব কৌশলে এসব অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।
পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের নামে এক লাখ টাকা সীমার ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংক হিসাব থেকে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর করেন তিনি।
প্রথম দিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের পর নওগাঁ সদর মডেল থানায় এ ঘটনায় মামলা হয়। মামলাটির তদন্তে টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় নিজ বাসার শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড ও তিনটি চেক বই উদ্ধার করা হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন।
এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র কিংবা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১২:২৫ পিএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।